টঙের আদালত
নম্বরের ফাঁদে বন্দী শৈশব ও রেজাল্টের নির্মম বাস্তবতা
টঙের আদালত
লেখক: আজাদ মুসাফির
ভোর না ফোটে—খবর ছড়ায়, আজকে ফলের দিন; কারো চোখে আজ স্বপ্ন জাগে, কারো বুকে জমে ঋণ।
কারো মুখে আজ হাসির ঝলক, কারো চোখে অশ্রু-ঝড়; একটি ফলাফলে মুহূর্তেই বদলে— আস্থা, স্বপ্ন আর আপনজনের স্বর।
কোথাও মিষ্টির ঘ্রাণে ভাসে উৎসবমুখর দ্বার, কোথাও নীরবে বালিশ ভিজে অশ্রুর অধিকার।
পাশের বাড়ির আন্টির মনে কৌতূহলের ভিড়— "কত পেলে?"—দুটি শব্দ যে আজ হৃদয়ভেদী তীর।
চায়ের কাপে ধোঁয়া উড়ে, টঙের আদালতে সভা; টিপসই-দেওয়া চাচাই বিচারক, চারিপাশ শিক্ষাবিদে ভরা!
কেউ না পড়েই পায় সোনার মুকুট, কেউ রাতভর টেবিলে ক্ষয়; ঘাম-ঝরা লেখা উত্তরপত্র, কলমের খোঁচায় নয়-ছয়।
কোচিং, টিউশন, নোটের নিচে শৈশব হলো বন্দী; জ্ঞান দাঁড়িয়ে দরজার পাশে, নম্বরের সাথে সন্ধি।
অভিভাবকও স্বপ্ন বোনেন অন্য কারো চোখে, পরাজিত শিশুর নীরব কান্না ডুবে থাকে আজ শোকে।
একটি নম্বর কম হয়েছে— এত বড় অপরাধ? মানুষটাকে মাপবে নাকি জিপিএ নামক ফাঁদ?
যে কিশোর আজ হার মেনেছে , হারেনি তার প্রাণ; গ্রীষ্মের পরে নদী যেমন খুঁজে নেয় নতুন গান।
মার্কশিট শুধু কালিতে লেখা, লেখে না পরিচয়; মানুষ গড়ে অধ্যবসায়, সাহস, শ্রম আর জয়।
© ২০২৬ আজাদ মুসাফির। সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত পুনর্মুদ্রণ বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ।
메타데이터
- post_id
- 16e8acb8dbc9
- slug
- টঙের-আদালত-16e8acb8dbc9
- url
- https://medium.com/@azadmusafir111/%E0%A6%9F%E0%A6%99%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4-16e8acb8dbc9
- canonical_url
- https://medium.com/@azadmusafir111/%E0%A6%9F%E0%A6%99%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4-16e8acb8dbc9
- author_url
- https://medium.com/@azadmusafir111
- status
- ok
- fetched_at
- 2026-08-02 21:10:14